মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির মধ্যে সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৭ জন ফ্লাইট ক্রুকে দেশে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। একই সঙ্গে বিশেষ ফ্লাইটের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের ফেরানোর উদ্যোগও চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
জানা গেছে, যুদ্ধ পরিস্থিতি শুরু হওয়ার পর ২৮ ফেব্রুয়ারি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওই ফ্লাইট ক্রুরা প্রায় পাঁচ দিন আমিরাতে আটকে ছিলেন। অনিশ্চিত পরিবেশে সময় কাটানোর পর ইউএস-বাংলার উদ্যোগে তারা দেশে ফিরতে সক্ষম হন। এতে ক্রুদের পরিবারগুলোর উদ্বেগও অনেকটা কমেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ইউএস-বাংলা বলছে, সেবামূলক দায়িত্ববোধ থেকে এবং দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। এর মধ্যে ৫ মার্চ একটি বিশেষ ফ্লাইট ৩৭৮ জন যাত্রী নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে। আরেকটি বিশেষ ফ্লাইট পরিকল্পনা অনুযায়ী ৬ মার্চ, শুক্রবার সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
বিশেষ ফ্লাইটগুলো ৪৩৬ আসনের এয়ারবাস এ৩৩০-৩০০ উড়োজাহাজ দিয়ে পরিচালিত হচ্ছে বলে জানানো হয়েছে।








