জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের নির্ধারিত বৈঠক স্থগিত করা হয়েছে।
বুধবার (৪ মার্চ) রাতে দলের দফতর সেল থেকে জানানো হয়, বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১০টায় পল কাপুরের সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ হওয়ার কথা ছিল। তবে বৈঠকটি কেন স্থগিত করা হলো, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কোনো কারণ উল্লেখ করা হয়নি।
এর আগে মঙ্গলবার (৩ মার্চ) রাতে দুই দিনের সফরে দিল্লি হয়ে ঢাকায় পৌঁছান যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। তাঁর ঢাকা সফর প্রসঙ্গে মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, এ সফরের লক্ষ্য যুক্তরাষ্ট্র-বাংলাদেশ কৌশলগত সম্পর্ক আরও জোরদার করা। সফরকালে তিনি নতুন সরকারের বিভিন্ন কর্মকর্তা ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানানো হয়।
বিবৃতিতে আরও বলা হয়, এসব বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো, নিরাপত্তা সহযোগিতা জোরদার এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অভিন্ন স্বার্থ এগিয়ে নেওয়ার বিষয়গুলো আলোচনায় থাকবে।







