২০২৫ মৌসুমের বিপিএলে দুর্বার রাজশাহীর হয়ে খেলেছিলেন এনামুল হক বিজয়। ওই আসর ঘিরে দলটির পারিশ্রমিক পরিশোধ ও ব্যবস্থাপনা নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। সেই মৌসুমের পারিশ্রমিক এখনো পাননি বলে অভিযোগ করেছেন এই ব্যাটার।
আজ মঙ্গলবার মিরপুরে সংবাদ সম্মেলনে বিজয় বলেন, বিপিএল খেলা তার অধিকার হলেও তিনি খেলতে পারেননি। তার দাবি, আগের মৌসুমের পারিশ্রমিক সংক্রান্ত জটিলতার কারণেই তাকে বাইরে রাখা হয়েছে। তিনি জানান, টাকা পাওয়ার জন্য বিভিন্নজনের সঙ্গে যোগাযোগ করেও কোনো সমাধান পাননি।
বিজয়ের বক্তব্য, তিনি যে পারিশ্রমিকের চুক্তিতে খেলেছেন সেটি পরিশোধ করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। পাশাপাশি তিনি মনে করেন, অন্যায়ভাবে তাকে প্রতিযোগিতার বাইরে রাখা হয়েছে এবং সব ফরম্যাটে তাকে খেলার সুযোগ দেওয়ার ব্যবস্থা করা উচিত। তিনি জানান, সমস্যার সমাধান চান আলোচনার মাধ্যমেই, পরিস্থিতি কঠোর পর্যায়ে নিতে তিনি আগ্রহী নন।
ঢাকা প্রিমিয়ার লিগের প্রসঙ্গ টেনে বিজয় বলেন, বিপিএল নিয়ে প্রশ্ন থাকলেও তিনি ডিপিএলে তুলনামূলক কম অর্থে খেলছেন। তার অভিযোগ, এসব বিতর্কের কারণে অনেক দল তাকে নিতে আগ্রহ দেখায় না, ফলে তিনি প্রাপ্য সম্মান ও মূল্যায়ন থেকে বঞ্চিত হচ্ছেন।
এদিকে বিপিএল খেলতে না পারা নিয়ে তামিম ইকবালের সঙ্গে কথা হয়েছে কি না জানতে চাইলে বিজয় বলেন, তামিম সিনিয়র খেলোয়াড় হিসেবে পরামর্শ বা অনুরোধ করতে পারেন, তবে তিনি কোনো প্রাতিষ্ঠানিক দায়িত্বে নেই যে সিদ্ধান্ত দিতে পারবেন। তবু বড় ভাই হিসেবে কীভাবে পরিস্থিতি সামলানো যায় সে বিষয়ে আলোচনা হতে পারে বলে জানান তিনি।







