ইরাকের রুমেইলা তেলক্ষেত্রে তেল উৎপাদন পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম শাফাক নিউজ।
আজ মঙ্গলবার (৩ মার্চ) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, রফতানি কার্যক্রমে বিঘ্ন ঘটায় এবং সংরক্ষণ সক্ষমতা সীমায় পৌঁছানোয় উৎপাদন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চলমান সামরিক পরিস্থিতির প্রভাবে তেল পরিবহন ও রফতানি বাধাগ্রস্ত হচ্ছে। এতে তেল সংরক্ষণের ট্যাংকগুলো পূর্ণ হয়ে গেলে উৎপাদন চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে। ফলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয়েছে বলে দাবি করা হয়।
এদিকে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ইরাকি সেনাবাহিনী আল-জুবায়র জেলার তেলক্ষেত্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনা সুরক্ষায় অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে। সেখানে আর্মার্ড যানবাহনসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। ওই এলাকায় যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানকে ঘিরে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার কথাও জানানো হয়েছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রভিত্তিক গালফ কিসটোন পেট্রোলিয়াম নিরাপত্তাজনিত কারণে ইরাকের কুর্দিস্তান অঞ্চলের শাইকান তেলক্ষেত্রে কার্যক্রম স্থগিত করেছে বলে জানা গেছে। একই কারণ দেখিয়ে দুবাইভিত্তিক ডানা গ্যাস এবং নরওয়ের অসলোভিত্তিক ডিএনও-ও কয়েকটি তেলক্ষেত্রে উৎপাদন বন্ধ রেখেছে—এমন তথ্যও প্রতিবেদনে এসেছে।
তবে এসব তথ্যের বিষয়ে ইরাকের কেন্দ্রীয় কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট কোম্পানিগুলোর বিস্তারিত আনুষ্ঠানিক বক্তব্য এখনো স্পষ্ট নয়।







