দলীয় মনোনয়ন পেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি বলেন, দল যদি তাকে উপযুক্ত মনে করে মনোনয়ন দেয়, তাহলে তিনি নির্বাচন করবেন।
ইশরাক হোসেন আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দলীয় সিদ্ধান্ত পরবর্তী সময়ে চূড়ান্ত হবে এবং শেষ পর্যন্ত কে মনোনয়ন পাবেন, তা দলই নির্ধারণ করবে। এ প্রসঙ্গে তিনি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্য উদ্ধৃত করে বলেন, স্থানীয় সরকার সংক্রান্ত বিষয়ে সংসদে সিদ্ধান্ত হবে।
এদিকে নির্বাচন ও ভোট নিয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরে ইশরাক হোসেন বলেন, সাম্প্রতিক সময়ে প্রতিদ্বন্দ্বী একটি রাজনৈতিক দল “অস্বাভাবিক হারে” ভোট পেয়েছে বলে তার মনে হয়েছে। তিনি দাবি করেন, তার নির্বাচনী এলাকায় অতীতে কিছু দলের ভোটের পরিসংখ্যানের সঙ্গে বর্তমান ফলাফলের বড় ব্যবধান রয়েছে। এ কারণে ভোটার তালিকা ও ভোটারদের তথ্য যাচাই করা প্রয়োজন বলে তিনি মনে করেন।







