বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে হঠাৎ পরিবর্তনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে যখন সমালোচনার ঝড়, তখন বিষয়টি নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের প্রধান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকে “গতকাল যে পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে, তা বর্তমান সরকার সমর্থিত মব-কালচারের আনুষ্ঠানিক সূচনা বলে মনে হচ্ছে।” তিনি এটিকে “দুর্ভাগ্যজনক ও পুরোপুরি অগ্রহণযোগ্য” মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমানের পোস্টে আরও বলা হয়, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং তার উপদেষ্টার মতো সম্মানিত ব্যক্তিদের এভাবে অপমান করার অধিকার কারও নেই। তিনি দাবি করেন, এমনিতেই দেশের অর্থনীতি নানা সংকটে রয়েছে; এর মধ্যে বাংলাদেশ ব্যাংকের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এ ধরনের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড চলতে থাকলে অর্থনীতির আরও ক্ষতি হতে পারে।
জামায়াত আমির বলেন, এই বিশৃঙ্খলার বিরুদ্ধে দল-মত নির্বিশেষে সমাজের সব স্তর থেকে প্রতিবাদ হওয়া উচিত। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানে ‘মব’ সৃষ্টি করে দায়িত্বপূর্ণ অবস্থানে থাকা দক্ষ ও উপযুক্ত ব্যক্তিদের হয়রানির খবরও পাওয়া যাচ্ছে।
পোস্টে তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে এ ধরনের অপতৎপরতা বন্ধ করতে হবে। পাশাপাশি দলীয় আনুগত্য নয়, যোগ্যতার ভিত্তিতে দেশপ্রেমিক ও উপযুক্ত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদে নিয়োগ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।







