জয়পুরহাট দেশের উত্তরাঞ্চলের আলুর ভাণ্ডার হিসেবে পরিচিত। কিন্তু টানা দুই বছর ধরে দামে ধস। মণপ্রতি আলু বিক্রি হচ্ছে মাত্র ১৮০ থেকে ২৫০ টাকায়। যা গেল বছরের চেয়ে অর্ধেকের কম দাম। লোকসানের কারণে সরকারকে দুষছেন চাষীরা। এমতাবস্থায় উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী।
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বুড়াইল গ্রামের মামুনুর রশীদ। গেল বছর আলু চাষ করে ক্ষতির মুখে ছিলেন। এ বছরও চাষের জমি বাড়িয়ে আরও লোকসানের মুখে পড়েন। শুধু মামুন নয় জেলার অন্যান্য আলু চাষীদেরও একই দশা।
এক বিঘা জমিতে আলু চাষে খরচ ২৫ হাজার ৩০০ টাকা। আর বিক্রি হচ্ছে ১৪ হাজার ৪০০ থেকে ২০ হাজার টাকায়। আর গেল বছরের তুলনায় চলতি বছর দাম কমেছে ৬৫ শতাংশ।
চাষীদের অভিযোগ সরকার সিন্ডিকেট ভাঙতে না পারায় ন্যায্যমূল্য নিশ্চিত হচ্ছে না। কৃষি কর্মকর্তারা বলছেন, সংরক্ষণ ও রপ্তানি ব্যবস্থা না থাকা ও বাজার অব্যবস্থাপনায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
এদিকে আলুর ন্যায্য দাম নিশ্চিত করতে চিপস তৈরির কারখানা স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী। এ বছর জেলায় ৩৯ হাজার হেক্টর জমিতে প্রায় ১০ লাখ মেট্রিক টন আলু উৎপাদনে আশা করা হচ্ছে।








