টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে গ্রেপ্তারের লক্ষ্যে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, দুদকের পক্ষে সহকারী পরিচালক এ কে এম মর্তুজা আলী সাগর রেড নোটিশ জারির নির্দেশ চেয়ে আবেদন করেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের আবেদনে বলা হয়, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক রাজউকের এক আইন কর্মকর্তাকে প্রভাবিত করে ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাট বিক্রির অনুমোদন দেওয়ার প্রক্রিয়ায় ভূমিকা রাখেন। দুদকের দাবি, তখনকার রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে এ অনুমোদন দেওয়া হয় এবং এর মাধ্যমে তিনি ও সংশ্লিষ্টরা অবৈধ সুবিধা পেয়েছেন।
আবেদনে আরও উল্লেখ করা হয়, মামলার আগে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক দেশত্যাগ করেছেন এবং প্রমাণ ও আলামত নষ্ট করার চেষ্টা করছেন বলে দুদকের আশঙ্কা। তিনি দেশের বাইরে থাকায় তাকে গ্রেপ্তার করতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা জরুরি বলে আবেদনে উল্লেখ করা হয়।








