রাষ্ট্রীয় প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশনকে কীভাবে আরও জনমুখী করা যায়, সে বিষয়ে একটি প্রস্তাবনা তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি জানান, তথ্য মন্ত্রণালয়ের কাজের পরিকল্পনা ও চলমান অগ্রগতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী সময় নিয়ে তাদের বক্তব্য শুনেছেন এবং বিশেষভাবে বিটিভি ও বাংলাদেশ বেতারকে জনগণের কাজে আরও কার্যকরভাবে ব্যবহারের বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন।
তথ্যমন্ত্রী আরও জানান, তরুণ প্রজন্মের জন্য মূল্যবোধ গঠনে সরকারের অধীনস্থ প্রচারমাধ্যমগুলোকে কীভাবে কাজে লাগানো যায় এবং একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমকে কীভাবে ইতিবাচকভাবে যুক্ত করা যায়, সে বিষয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে দিকনির্দেশনা পাওয়া গেছে।
জহির উদ্দিন স্বপন বলেন, বিশ্ব এখন তথ্যপ্রযুক্তিনির্ভর যোগাযোগ ব্যবস্থার নতুন এক বাস্তবতায় প্রবেশ করেছে। সেই বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে বিটিভিকে জনগণের প্রচারমাধ্যম হিসেবে আরও কার্যকরভাবে গড়ে তুলতে চায় সরকার। তিনি জানান, লক্ষ্য বাস্তবায়নে বিস্তারিত পরিকল্পনা ও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হবে।








