বাগেরহাটের শরণখোলায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে ওয়ার্ড বিএনপি কার্যালয়।
শনিবার (২১ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামের ১ নম্বর ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যালয়ে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে তার আগেই অফিসের ভেতরে থাকা আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়।
সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম লিটন বলেন, রাতের অন্ধকারে কে বা কারা আগুন দিয়ে কার্যালয়টি পুড়িয়ে দিয়েছে। জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।








