ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি এখন সময় কাটাচ্ছেন মালয়েশিয়ার নান্দনিক পর্যটন দ্বীপ লাংকাউইয়ে। একটি বিশেষ অনুষ্ঠান শেষে সন্তানদের নিয়ে ব্যক্তিগত অবকাশে রয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নিজের ফেসবুক পেজে একাধিক ছবি প্রকাশ করেন পরীমণি। ছবিগুলোতে দেখা যায়, লাইফ জ্যাকেট পরে সমুদ্রের পানিতে ভেসে আছেন তিনি। চোখে রোদচশমা, মুখে হাসি- ফুরফুরে মেজাজে নানা ভঙ্গিতে ক্যামেরাবন্দি হয়েছেন এই অভিনেত্রী।
ছবিগুলোর ক্যাপশনে পরীমণি লেখেন, ‘আমি জানি, শীতের সকালে এই ধরনের ছবি দেখলে কেমন লাগে। যাই হোক, শুভ সকাল।’ সঙ্গে যোগ করেন হাসিমুখের ইমোজি।
ব্যস্ত শুটিং সূচি ও কাজের চাপ থেকে কিছুটা বিরতি নিতেই আপাতত দেশের বাইরে সময় কাটাচ্ছেন পরীমণি। তবে ছুটির মাঝেও ভক্তদের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছেন তিনি। নিয়মিত ছবি ও ভিডিও শেয়ার করে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের উপস্থিতি জানান দিচ্ছেন।
এদিকে চলচ্চিত্রে ফেরার প্রস্তুতিও শুরু করেছেন এই চিত্রনায়িকা। দীর্ঘদিন ধরে আটকে থাকা সিনেমা ‘প্রীতিলতা’ দিয়ে আবারও ক্যামেরার সামনে দাঁড়াতে যাচ্ছেন তিনি। ২০২০ সালে আংশিক শুটিংয়ের পর নানা কারণে থেমে থাকা এই ছবিটির বাকি কাজ নতুন করে শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। জানা গেছে, চট্টগ্রামে ছবিটির অবশিষ্ট অংশের শুটিং সম্পন্ন হবে।
সিনেমাটির নির্মাতা রাশিদ পলাশ জানান, পরীমণির সঙ্গে আলোচনার মাধ্যমে শুটিংয়ের সময়সূচি ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। তিনি বলেন, ২০২১ সালে ‘প্রীতিলতা’র ফার্স্ট লুক প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে সিনেমাটি নিয়ে আগ্রহ তৈরি হয়। এবার সেই অসম্পূর্ণ কাজ শেষ করতে প্রস্তুত পুরো টিম।








