শেরপুর জেলার নকলায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে মহান বিজয় দিবস উপলক্ষে মাসব্যাপী শীতবস্ত্র বিতরণ কর্মসূচির অংশ হিসেবে উপজেলার ৭নং টালকি ইউনিয়নের সাইলামপুর ফকির বাড়ি হাফিজিয়া মাদরাসা মাঠে শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম সারোয়ার। তিনি বলেন, “শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো ইসলামের শিক্ষা। সমাজের বিত্তবানদের উচিত মানবিক দায়িত্ববোধ থেকে অসহায় মানুষের সহায়তায় সাধ্যমত এগিয়ে আসা।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টালকি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি বজলুল হক এবং সঞ্চালনা করেন উপজেলা যুব বিভাগের সভাপতি আতিক আলম।
এ সময় বিশিষ্ট ব্যবসায়ী মোসাদ্দেক হোসেন, ৮নং চর অষ্টধর ইউনিয়ন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মেহেদী হাসান সবুজ, ছাত্রশিবির নেতা তাহমিদুর রহমানসহ জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে কম্বলপ্রাপ্ত শীতার্ত নারী-পুরুষ আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়দের মতে, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করবে।














