শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২, ২১ জমাদিউস সানি ১৪৪৭, হেমন্তকাল

বিএনপির মনোনয়ন ঘিরে ৮ জেলায় বিক্ষোভ-সহিংসতা

কলিকাল প্রতিনিধি

ছবি ডিজাইন : দৈনিক কলিকাল

আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপির দলীয় প্রার্থী ঘোষণার পরপরই বিক্ষোভ, অবরোধ আর সহিংসতায় উত্তপ্ত হয়ে ওঠে দেশের বিভিন্ন অঞ্চল। কোথাও কোথাও গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

গত সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় প্রার্থীদের নামের তালিকা প্রকাশের পর তাতে নাম না দেখে ওইদিন রাতেই দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ এবং আগুন জ্বালিয়ে সড়ক ও রেলপথ অবরোধ করেন দলটি থেকে মনোনয়নপ্রত্যাশীদের কর্মী-সমর্থকরা। এরই ধারাবাহিকতায় গতকাল বুধবারও (৫ নভেম্বর) অন্তত ৮ জেলার বিভিন্ন সংসদীয় আসনে বিক্ষোভ, সড়ক অবরোধ ও মানববন্ধন করেছেন মনোনয়ন না পাওয়া বিএনপি নেতাদের কর্মী-সমর্থকরা।

এর মধ্যে, গতকাল মাদারীপুর-১ (শিবচর) আসনে কামাল জামান মোল্লার সদ্যঘোষিত মনোনয়ন স্থগিতের প্রতিবাদে শিবচরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন তার সমর্থকরা। কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই) আসনে রেলপথ আটকে বিক্ষোভ করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার সমর্থকরা। নাটোরের বাগাতিপাড়ায় বিক্ষোভ করেন মনোনয়ন না পাওয়া কেন্দ্রীয় বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর সমর্থকরা। পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে প্রার্থীর নাম ঘোষণা স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন গলাচিপা উপজেলা বিএনপির নেতাকর্মীরা। ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে ঘোষিত প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইনের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ করেন আরেক মনোনয়নপ্রত্যাশী আহাম্মদ তায়েবুর রহমান হিরণের অনুসারীরা। সাতক্ষীরা-৩ (কালীগঞ্জ-আশাশুনি) আসনে ডা. শহিদুল আলমকে মনোনয়ন না দেওয়ায় টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেন তার অনুসারীরা। মুন্সীগঞ্জ-১ আসনে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে শ্রীনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন বিএনপি নেতাকর্মীদের একাংশ। মনোনয়ন না পাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাতে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী আহমেদ তৈবুর রহমান হিরনের সমর্থকরা নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের শ্যামগঞ্জ বাজারে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন।

নীলফামারী-১৫ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে কণ্ঠশিল্পী বেবী নাজনীনকে মনোনয়ন না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা সমর্থকরা। তারা বলছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক এই সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক দুর্দিনে দেশে এবং দেশের দলের জন্য কাজ করেছেন। রংপুর-৩ (সদর-মহানগর) আসনে বিএনপির মনোনয়ন না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রিটা রহমান। তার দাবি, তার থেকে যোগ্য কাউকে মনোনয়ন দিলে তিনি তার পক্ষে কাজ করতেন। কিন্তু যাকে শহরের লোকেরা ‘চাঁদাবাজ ও দখলদার’ বলেন, তার পক্ষে কাজ করবেন কীভাবে।

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজীব আহসান বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনে মনোনয়ন পেয়ে অন্য মনোনয়নপ্রত্যাশী সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদের বাসায় গিয়ে একে অন্যকে মিষ্টিমুখ করান। গতকাল বিকেলে বরিশাল নগরীর কালীবাড়ী রোডে মেজবাহ উদ্দিন ফরহাদের বাসায় যান রাজীব আহসান।

এদিকে, মুন্সীগঞ্জ-১ নির্বাচনী এলাকায় (শ্রীনগর ও সিরাজদীখান) বিএনপির খসড়া মনোনয়ন তালিকায় ‘বঞ্চিত’ তিন নেতা এক মঞ্চে উঠলেন। গতকাল দুপুর ২টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ ও শ্রীনগর ডাকবাংলো এলাকায় পথসভা হয়। এ সময় মনোনয়ন না পাওয়া বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মমিন আলী বক্তব্য দেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.