আব্রাহাম চুক্তি সম্প্রসারণে সৌদি আরবকে যুক্ত করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খুব শিগগির চুক্তিটি সম্প্রসারণ করা হবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।
তবে গাজায় ইসরায়েলের যুদ্ধ ও মুসলিম বিশ্বের ক্ষোভ এ উদ্যোগের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশ্লেষকদের মতে, গাজা যুদ্ধ ও আরব বিশ্বের ক্ষোভের কারণে আপাতত অনিশ্চিত ট্রাম্পের কাঙ্ক্ষিত আব্রাহাম চুক্তি সম্প্রসারণ।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) ফক্স বিজনেস নেটওয়ার্কে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি আশা করি সৌদি আরব এতে যোগ দেবে। তারা যোগ দিলে অন্যরাও আসবে। এ সময় আব্রাহাম চুক্তিকে ‘অসাধারণ’ হিসেবে অভিহিত করেন ট্রাম্প।
আব্রাহাম চুক্তির মাধ্যমে ২০২০ সালে ইসরায়েল সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে। ট্রাম্প দাবি করেন, এ উদ্যোগ মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি আনবে।
তবে পরিস্থিতি এখন ভিন্ন। ইসরায়েল গত দুই বছরে গাজায় ভয়াবহ হামলা, পশ্চিম তীরে অভিযান এবং কাতারসহ ছয়টি দেশে বোমা হামলা চালিয়েছে। এর জেরে আরব ও মুসলিম বিশ্বে ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে।
অন্যদিকে, সৌদি আরব এখনও আরব শান্তি উদ্যোগের প্রতিশ্রুতিতে অবিচল রয়েছে। রিয়াদ বলেছে, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আগে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা সম্ভব নয়।
যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়াশিংটন ইনস্টিটিউটের এক জরিপে দেখা গেছে, ৮১ শতাংশ সৌদি নাগরিক ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের বিরোধিতা করেন।







