চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবন চত্বরে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে মুখোমুখি অবস্থান ও চরম উত্তেজনা দেখা দিয়েছে।
সরেজমীনে দেখা যায়, আজ বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে ভোটকেন্দ্রের বাইরে স্থাপিত এলইডি স্ক্রিন হঠাৎ বন্ধ হয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করেই উত্তেজনা শুরু হয়। এবারের চাকসু নির্বাচনে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরায় ধারন করা ভোটগ্রহণের দৃশ্য সরাসরি সম্প্রচারের জন্য বাইরে এলইডি স্ক্রিন বসানো হয়েছিল।
ছাত্রদলের অভিযোগ, ভোটে কারচুপি ঢাকতে ইচ্ছাকৃতভাবে স্ক্রিন বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে, ছাত্রশিবিরের দাবি, নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে ছাত্রদলের কর্মীরা স্ক্রিনের তার ছিঁড়ে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছে।
এদিকে, একই ধরনের প্রভাব বিস্তারের অভিযোগে বিবিএ অনুষদেও আধা ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ ছিল। দুই পক্ষের মুখোমুখি অবস্থান ও সংঘর্ষের আশঙ্কায় ক্যাম্পাসজুড়ে উত্তেজনা বিরাজ করছে।







