চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
আজ বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিকেল ৪টায় শেষ হয়। ভোট শেষে এখন চলছে গণনা।
এবারের নির্বাচনে ভোট হয়েছে ব্যালট পেপারে, আর গণনা করা হচ্ছে আধুনিক ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) পদ্ধতিতে। ভোট গণনার পুরো প্রক্রিয়া সরাসরি দেখানোর জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থাপন করা হয়েছে ১৪টি এলইডি স্ক্রিন।
চাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন জানান, হাতে লাগানো অমোচনীয় কালি উঠে যাওয়া এবং কিছু বিচ্ছিন্ন অভিযোগ ছাড়া ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবার চাকসু নির্বাচনে মোট ২৭ হাজার ৫১৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে পাঁচটি অনুষদের আওতায়, ১৫টি হলের জন্য নির্ধারিত ১৫টি কেন্দ্রে। মোট ৬০টি কক্ষে ৬৮৯টি বুথে ভোট অনুষ্ঠিত হয়েছে।
এবারের নির্বাচনে কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে ৯০৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের ১৩টি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৪১৫ জন এবং হল সংসদে ৪৯৩ জন প্রার্থী লড়ছেন।







