দীর্ঘ ৩৫ বছর পর উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।
আজ বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনের ১৫টি কেন্দ্রে এবং ৭০০টি বুথে একযোগে ভোট শুরু হয়।
প্রায় ২৭ হাজার শিক্ষার্থী এবার ভোটাধিকার প্রয়োগ করছেন। একজন ভোটারকে মোট ৪০টি পদে ভোট দিতে হচ্ছে—কেন্দ্রীয় সংসদের ২৬টি ও হল সংসদের ১৪টি পদে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ভোটদানের জন্য সর্বোচ্চ ১০ মিনিট সময় নির্ধারণ করেছে। অর্থাৎ প্রতি ২০ সেকেন্ডে একটি করে ভোট দিতে হচ্ছে ভোটারদের।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে সকাল থেকে বিভিন্ন অনুষদ ভবনে শিক্ষার্থীরা আইডি কার্ড বেজ দেখিয়ে ভোট দিতে প্রবেশ করছেন।
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে পুলিশ, আনসার ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তাকর্মীরা দায়িত্ব পালন করছেন।







