বর্তমানে শোবিজ অঙ্গনে নাটক-সিনেমা নির্মাণের চেয়ে অ্যাওয়ার্ড অনুষ্ঠান বেশি হচ্ছে। তবে, এসব অনুষ্ঠানের মান নিয়ে নানা প্রশ্ন ও বিতর্ক উঠেছে। সম্প্রতি এক অ্যাওয়ার্ড শো-তে উপস্থিত মডেলদের পোশাক নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা হয়।
শুধু মডেল নয়, এসব ‘ভুঁইফোড়’ অ্যাওয়ার্ড আয়োজন নিয়েও নিন্দার ঝড় বইছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এমনকি এই বিষয়টি নিয়ে শোবিজ অঙ্গনের প্রথম সারির তারকারাও মুখ খুলছেন। এবার এই বিষয়ে বিস্ফোরক মন্তব্য রাখলেন জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। তিনি বলেন, আমাকেও অ্যাওয়ার্ড নিতে বলে।
আমি জিজ্ঞেস করি, কোন কাজের জন্য দেবেন? তারা বলে- এমনি। এমনি আবার অ্যাওয়ার্ড কেন দেবেন? আমাকে উপস্থাপনা করতেও বলে। অথচ যাদের এসব অ্যাওয়ার্ড দেয়া হচ্ছে, তাদের নামই প্রথম শুনলাম। কাউকেই চিনলাম না। কী কারণে, কোন কাজের জন্য অ্যাওয়ার্ড দেয়া হচ্ছে- কিছুই জানি না। এখানে ফেমাস কেউ নেই।
তাই আমাকে ডাকলেই আমি যাই না। এদিকে, অনেকদিন ধরেই অভিনয়ে নেই এই নায়িকা। তবে, ভালো গল্প ও চরিত্র পেলে নিয়মিত অভিনয়ে ফেরার ইচ্ছা পোষণ করেছেন পূর্ণিমা। বিশেষ করে ওটিটি প্ল্যাটফরমে কাজ করতে চান তিনি। এ নায়িকা বলেন, ওটিটিতে অনেক ভালো কাজ হচ্ছে। তেমন মনের মতো কাজ হলে অবশ্যই করবো।








