দেশের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরেই প্রশ্ন ছিল, জাতীয় সংসদ নির্বাচন আদৌ অনুষ্ঠিত হবে কি না। তবে সাম্প্রতিক সময়ে প্রধান রাজনৈতিক দল ও প্রশাসনিক পর্যায়ের সূত্র ইঙ্গিত দিয়েছে, আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আজ শুক্রবার অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসাইন তার ফেসবুক পোস্টে জানিয়েছেন, বিএনপি ও জামায়াতের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে আলাদাভাবে কথা বলে নিশ্চিত হয়েছেন, নির্বাচন ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে অনুষ্ঠিত হবে। তিনি উল্লেখ করেছেন, দুই দলই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং চলমান আলোচনায় অংশগ্রহণ করছে তাদের নির্বাচনী অবস্থান পরিষ্কার করার জন্য।
ফেসবুক পোস্টে সাংবাদিক আরও জানান, বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, তাদেরকে সম্ভাব্য প্রার্থীদের তথ্য সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া একজন নির্বাচন কমিশনার জানিয়েছে, পিআর পদ্ধতি না থাকলেও কমিশন আগের নিয়ম অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তবে জামায়াতের পিআর ব্যবস্থার প্রতি জোরালো অবস্থান থাকলেও বিষয়টি সমঝোতার মাধ্যমে সমাধানযোগ্য বলে আশা করা হচ্ছে।
নির্বাচন কমিশন এখনও আনুষ্ঠানিক তফসিল ঘোষণা না করলেও, সব দিক থেকে প্রস্তুতি শুরু হয়ে গেছে বলে বিভিন্ন সূত্রে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। রাজনৈতিক দল, প্রশাসন ও কমিশনের প্রস্তুতি মিলিয়ে দেখা যাচ্ছে, দেশ ধীরে ধীরে একটি উৎসবমুখর নির্বাচনের পরিবেশের দিকে এগোচ্ছে।














