লিবিয়ার ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরলেন ১৭৬ বাংলাদেশি। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় তাদেরকে দেশে ফেরত পাঠানো হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে তারা দেশে পৌঁছেছেন। ত্রিপলীর বাংলাদেশ দূতাবাস এই তথ্য নিশ্চিত করেছেন।
দূতাবাস জানায়, বাংলাদেশ দূতাবাস, লিবিয়া বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসনের লক্ষ্যে স্থানীয় কর্তৃপক্ষ ও আইওএম-এর সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। এ প্রক্রিয়ার ধারাবাহিকতায় ১৭ সেপ্টেম্বর ত্রিপলির তাজুরা ডিটেনশন সেন্টার থেকে ১৭৬ জন বাংলাদেশিকে আইওএম-এর সহায়তায় দেশে ফেরত পাঠানো হয়েছে।
প্রত্যাবাসিতরা ১৮ সেপ্টেম্বর আনুমানিক সকাল ৮টায় লিবিয়ার বুরাক এয়ারলাইন্সের (ফ্লাইট নম্বর UZ222) মাধ্যমে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন বলে জানা গেছে।
রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশারের নেতৃত্বে দূতাবাসের একটি প্রতিনিধি দল লিবিয়ার অভিবাসন অধিদফতরের অভ্যর্থনা কেন্দ্রে উপস্থিত থেকে প্রত্যাবাসিতদের বিদায় জানান।
রাষ্ট্রদূত বলেন, অবৈধ অভিবাসনের ফলে ব্যক্তির আর্থিক ও শারীরিক ক্ষতির পাশাপাশি পরিবার ও সমাজও দুর্ভোগের শিকার হয়। এ ধরনের কর্মকাণ্ড দেশের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ণ করে।








