সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগের জন্য বড় আকারের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
রোববার (৩১ আগস্ট) প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারাদেশে মোট ২ হাজার ১৬৯টি শূন্য পদে আবেদন গ্রহণ করা হবে।
যোগ্যতার শর্ত অনুযায়ী, প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীরা ১১তম গ্রেডে এবং প্রশিক্ষণবিহীন প্রার্থীরা ১২তম গ্রেডে নিয়োগ পাবেন। এই গ্রেড জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী প্রযোজ্য হবে।
আবেদনকারীদের অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতক (সম্মান) ডিগ্রিধারী হতে হবে। ফলাফলে অন্তত দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হবে; তবে শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ বা সমমানের ফলাফল গ্রহণযোগ্য হবে না।
নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে দুই ধাপে— লিখিত ও মৌখিক পরীক্ষা। লিখিত পরীক্ষায় থাকবে মোট ৯০ নম্বরের প্রশ্ন, যা বাংলা, ইংরেজি, গণিত, দৈনন্দিন বিজ্ঞান ও সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক) থেকে প্রস্তুত করা হবে। উত্তীর্ণ হতে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
মৌখিক পরীক্ষায় ১০ নম্বরের মধ্যে প্রার্থীদের উপস্থাপনা, বোধগম্যতা ও শ্রেণিকক্ষ পরিচালনার দক্ষতা যাচাই করা হবে।
পিএসসি জানিয়েছে, এবারের নিয়োগে শুধু শিক্ষাগত যোগ্যতাই নয়, প্রার্থীদের সামগ্রিক দক্ষতা ও শিক্ষাদান সক্ষমতাকেও গুরুত্ব দেওয়া হবে।








