অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ১৫ বাংলাদেশিকে বিশেষ চার্টার ফ্লাইটে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাজ্য। আজ শুক্রবার (২৯ আগস্ট) দুপুর ২টা ১০ মিনিটে ফ্লাইটটি ঢাকায় পৌঁছায়।
এর আগে, বৃহস্পতিবার রাতে লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দর থেকে উড্ডয়ন করে পাকিস্তানের ইসলামাবাদ হয়ে ফ্লাইটটি ঢাকায় আসে।
বাংলাদেশ হাইকমিশন, লন্ডনের কনসুলার শাখা এসব অভিবাসীর জন্য ট্রাভেল পারমিট ইস্যু করে। ফেরত আসা ১৫ জনের মধ্যে কারও বৈধ পাসপোর্ট ছিল, কারও মেয়াদোত্তীর্ণ এবং অনেকের কোনো পাসপোর্টই ছিল না। পাসপোর্টবিহীনদের ইন্টারভিউ নিয়ে পরিচয় নিশ্চিত করার পর ট্রাভেল পারমিট দেওয়া হয়।
ফেরত আসা ব্যক্তিরা সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, চট্টগ্রাম, নোয়াখালী ও ঢাকার বাসিন্দা। তাদের মধ্যে নারীও আছেন। কারও পেশা অজানা, কেউ আবার ওয়েটার বা অন্য পেশায় যুক্ত ছিলেন। শিক্ষার্থীও রয়েছেন এই তালিকায়।
কূটনৈতিক সূত্র জানায়, বিশ্বজুড়ে অভিবাসন নীতির কঠোরতা এবং দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশিদের জন্য ভিসা প্রাপ্তি কমছে। ইতোমধ্যেই যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও মালয়েশিয়া থেকেও বাংলাদেশিদের ফেরত পাঠানো হয়েছে।
সরকারি কর্মকর্তারা বলছেন, অনেকে অবৈধভাবে বিদেশে প্রবেশ করেন বা ভিসার মেয়াদ শেষ হলেও অবস্থান করেন। এর ফলেই ফেরত আসার ঘটনা বাড়ছে। তারা মনে করেন, বিদেশে যেতে হলে বৈধ কাগজপত্র ও সঠিক তথ্য নিশ্চিত করা ছাড়া কোনো বিকল্প নেই।







