২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল। বাছাইপর্বে বাকি আছে মাত্র দুটি ম্যাচ। এই দুই ম্যাচে দল ঝালিয়ে নিতে নামছে সেলেসাওরা। সেখানে ফেরার সম্ভাবনা জেগেছে নেইমারের। তবে বিশ্রামে থাকছেন ভিনিসিয়ুস জুনিয়র।
এখনও আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করেনি ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। ২৫ আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকা। তবে স্থানীয় সংবাদমাধ্যম ‘গ্লোবো’র খবরে জানানো হয়েছে, কোচ কার্লো আনচেলত্তির প্রাথমিক তালিকায় নেইমার জায়গা পেয়েছেন।
এদিকে দক্ষিণ আমেরিকার বাছাইপর্বে ১৬ ম্যাচ শেষে ২৫ পয়েন্ট নিয়ে তিনে আছে ব্রাজিল। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে দুইয়ে ইকুয়েডর। সবার ওপরে আছে আর্জেন্টিনা, তাদের সংগ্রহ ৩৫ পয়েন্ট।
আগামী ১ সেপ্টেম্বর রিও ডি জেনিরোর তেরেসোপোলিসে অনুশীলন শুরু করবে ব্রাজিল দল। এরপর ৫ সেপ্টেম্বর মারাকানায় মুখোমুখি হবে চিলির, আর ১০ সেপ্টেম্বর এল আল্টোতে খেলবে বলিভিয়ার বিপক্ষে।








