সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদাপাথর থেকে চুরি যাওয়া পাথর উদ্ধারে জেলা প্রশাসন বিশেষ অভিযান শুরু করেছে। দীর্ঘদিন ধরে অবৈধভাবে উত্তোলিত পাথর ফেরানোর জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে মাঠে নেমেছে।
বুধবার (১৩ আগস্ট) রাত ১২টার পর থেকে এই অভিযান শুরু হয়েছে।
স্থানীয় সূত্র জানিয়েছে, সিলেটের ধলাই নদীর তীরবর্তী সাদাপাথর এলাকা থেকে চুরি হওয়া পাথর উদ্ধারে জেলা প্রশাসনের অভিযান এখন আরো জোরদার করা হয়েছে। ইতোমধ্যে প্রায় ১২ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে এবং সেগুলো পুনরায় নদীতে ফেলে দেওয়া হচ্ছে।
সিলেট জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, চুরি হওয়া সব পাথর ফেরত না আসা পর্যন্ত এই অভিযান চলবে। পাশাপাশি, চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার সাইফুল ইসলাম বলেন, আমরা প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে এই অভিযান চালাচ্ছি। সাদাপাথর থেকে চুরি হওয়া পাথর উদ্ধার এবং প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করাই আমাদের প্রধান লক্ষ্য। যারা অবৈধভাবে পাথর উত্তোলনে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে।
তিনি আরো জানান, মহানগর পুলিশের এয়ারপোর্ট থানাধীন সিলেট ক্লাবের সামনে যৌথবাহিনীর অভিযান চলমান আছে।








