আগামী ১২ আগস্ট জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে ৪,৯৮৫ জন যুবক-যুবনারীকে মোট ৪৭ কোটি ২৬ লাখ ১৪ হাজার টাকা ঋণ দেওয়া হবে। গড়ে প্রত্যেকে পাবেন ৯ লাখ ৪৭ হাজার ৪১৮ টাকা, তবে বিশেষ ব্যবস্থায় কেউ কেউ ১০ লাখ টাকাও পেতে পারেন।
সোমবার (১১ আগস্ট) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামান।
এ বছর যুব দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’।
ড. সাইফুজ্জামান বলেন, যুবরাই উন্নয়ন ও উৎপাদনের প্রধান হাতিয়ার। জুলাই গণঅভ্যুত্থানের মতো সংগ্রামী যুবশক্তিকে আমরা কারিগরি প্রশিক্ষণ ও ঋণ সহায়তার মাধ্যমে মানবসম্পদে রূপান্তর করছি।
তিনি জানান, গত এক বছরে যুব উন্নয়ন অধিদপ্তর ২ লাখ ৭১ হাজার ৭১৯ জন যুবককে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়েছে। এবারের ঋণ বিতরণে ২,৫৩৪ জন যুবক ও ২,৪৫১ জন যুবনারী অন্তর্ভুক্ত হয়েছে। এছাড়া, সড়ক শৃঙ্খলা রক্ষায় ১,০৭৬ জন যুবককে ট্রাফিক ব্যবস্থাপনায় প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
যুব দিবসের কর্মসূচির অংশ হিসেবে ৬৪ জেলায় ৬৪টি জলাশয় পরিষ্কার করা হয়েছে। এছাড়া, ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন ও মোবাইল ভ্যানের মাধ্যমে প্রত্যন্ত এলাকায় কম্পিউটার প্রশিক্ষণ চলমান রয়েছে। ড. সাইফুজ্জামান আরও জানান, ইএআরএন প্রকল্পের মাধ্যমে ৯ লাখ বেকার যুবকের কর্মসংস্থান নিশ্চিত করা হবে।
যুব দিবসে অনুষ্ঠানের পাশাপাশি যুব পুরস্কার প্রদান করা হবে। মহাপরিচালক বলেন, যুবশক্তিকে সম্পদে পরিণত করাই আমাদের লক্ষ্য।








