সারাদেশের এমপিওভুক্ত কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটিতে পরিবর্তন আনতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। কমিটিতে রাজনৈতিক ব্যক্তিরা থাকতে পারবেন না।
আজ প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির বৈঠকে এ বিষয়টি অনুমোদনের জন্য পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
সংশ্লিষ্ট সূত্র থেকে এ কথা জানা গেছে।
প্রস্তাব সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকার গঠিত বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণের জন্য জোরালো আহ্বান জানানো হয়েছে।। সুপারিশমালার আলোকেই এই আজকের বৈঠকে অনুমোদনের তাগাদা দেওয়া হয়েছে।
চলতি অর্থবছরের প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির প্রথম বৈঠক আজ বুধবার বেলা ৩টায় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ।
প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটিতে পাঠানো প্রস্তাব সম্পর্কে বলা হয়েছে, রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের লক্ষ্যে প্রধান উপদেষ্টার নির্দেশে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, দুদক সংস্কার কমিশন এবং জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করেছে সরকার। এসব কমিশনের সুপারিশের মধ্যে শিগগিরই বাস্তবায়নযোগ্য ‘মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ’ সংশ্লিষ্ট সুপারিশও রয়েছে।
সুপারিশে বলা হয়, রাজনৈতিক ব্যক্তিরা ম্যানেজিং কমিটিতে সংশ্লিষ্ট থাকায় নানা রকম সমস্যার সৃষ্টি হয়। তাই ম্যানেজিং কমিটিতে রাজনৈতিক ব্যক্তির পরিবর্তে সরকারি কর্মকর্তাদের নিয়ে বেসরকারি কলেজ ও মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠনের জন্য জোরালো সুপারিশ করেছে কমিশন।









