খুলনার আফিলগেট রেল ক্রসিংয়ে ট্রেন ও ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহত ১ জনকে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা গেছেন বলে জানা গেছে। এবং এ ঘটনায় আরও কয়েকজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
আজ সোমবার (১৪ জুলাই) সন্ধ্যা পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ফায়ার সার্ভিস উদ্ধারে কাজ করছে।
খুলনা রেলস্টেশন মাস্টার জাকির হোসেন বলেন, আফিলগেটে চাঁপাইনবাবগঞ্জ থেকে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেসের সঙ্কেগ ট্রাকের সংঘর্ষ হয়েছে। দুর্ঘটনায় বেশ কয়েকজন হতাহত হওয়ার খবর পাওয়া গেছে। এতে সারা দেশের সঙ্গে খুলনার ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
খুলনা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম খান বলেন, মহানন্দ ট্রেনটি খুলনার দিকে আসছিল। এ সময়ে একটি ট্রাক ট্রেন লাইনের ওপর উঠে গেলে সংঘর্ষের ঘটনা ঘটে।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, আফিল গেট বাইপাস সড়ক রেল ক্রসিংয়ে একটি ট্রাক উঠে পড়লে তার স্টার্ট বন্ধ হয়ে যায়। এ সময়ে খুলনার দিকে আসা ট্রেনটি ট্রাকটিকে ধাক্কা দিয়ে সামনের দিকে নিয়ে যায় এবং ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত হয়ে যায়। এ ঘটনায় ট্রেনে থাকা যাত্রীদের অনেকে আহত হন।









