ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর অধীনে গৌরীপুরে আব্দুল হাকিম নামে এক গ্রাহকের কাছে লিগ্যাল নোটিশ এসেছে। কিন্তু তিনি ৭ বছর আগে মারা গেছেন বলে জানিয়েছে ওই গ্রাহকের পরিবার।
একই অফিসে মাত্র ১৮০টাকা বকেয়ার জন্য বিদ্যুৎ গ্রাহক কাঞ্চন মিয়া সংযোগ বিচ্ছিন্ন, পুনঃ:সংযোগ ফি ধার্য করা হয়েছে ৮৮৫টাকা।
জানা গেছে, ওই গ্রাহকের নাম মৃত আব্দুল হাকিম। তার বাড়ি উপজেলার মাওহা ইউনিয়নের নহাটা গ্রামে। সাত বছর আগে তিনি মারা যান। বিদ্যুতের মিটারটা বর্তমানে তার ছেলে হামিদুর রহমান ব্যবহার করেন। অথচ মৃত মানুষের নামেই দেয়া হয়েছে ‘উকিল নোটিশ।
আব্দুল হাকিমের নাতি ফাহিম হাসান বলেন, ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর আইন উপদেষ্টা ও ময়মনসিংহ জজ কোর্টের অ্যাডভোকেট পরিমল চন্দ্র সরকারের সীলযুক্ত উকিল নোটিশটি প্রদান করা হয় গত ২৯ এপ্রিল। সেখানে উল্লেখ রয়েছে বকেয়া ১ হাজার ৭২টাকা ২০ মে’র মধ্যে পরিশোধ করতে হবে।
উপজেলার সহনাটী ইউনিয়নের পল্টীপাড়া গ্রামের আবু সাঈদের পুত্র মো. কাঞ্চন মিয়া বলেন, পল্লী বিদ্যুৎ এর নিয়মিত গ্রাহক হিসাবে আমার ১৮০টাকা বিদ্যুৎ বিল বকেয়া ছিল। ধান কাটা শুরু হয়েছে, তাই গত মাসে বিদ্যুৎ বিল দেয়া সম্ভব হয়নি। এখন লাইন বিচ্ছিন্ন করে দিয়ে আসছে, ১০মিনিট সময়ও দেয়নি। লাইন সংযোগের জন্য ৮৮৫টাকা পুন:সংযোগ ফি ধার্য করা হয়েছে।
ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. গোলাম মোস্তফা জানান, মৃত গ্রাহকের নামে লিগ্যাল নোটিশ দেয়া উচিত হয়নি। লিগ্যাল নোটিশ দেয়ার আগে যাছাই-বাছাই করা উচিত ছিল। এ বিল যিনি বিদ্যুৎ ব্যবহার করছে বা তার ওয়ারিশানগণ পরিশোধ করবে।
তিনি আরও বলেন, এক টাকাও বকেয়া, লাখ টাকাও বকেয়া। বকেয়া থাকলে লাইন বিচ্ছিন্ন হবে।








