আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এবার জাতীয় পার্টির (জাপা) নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছে গণঅধিকার পরিষদ। দলটির পক্ষ থেকে আগামীকাল সোমবার (১২ মে) এ বিষয়ে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
আজ রোববার (১১ মে) দুপুরে রাজধানীর পল্টনে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান।
লিখিত বক্তব্যে রাশেদ খান বলেন, দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার স্বার্থে আওয়ামী লীগের বিরুদ্ধে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, তা প্রশংসনীয়। একইভাবে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করা উচিত।








