নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবিতে শনিবার ভোর থেকেই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশে জড়ো হচ্ছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীরা । সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে এই কর্মসূচি।
আজ শনিবার (৩ মে) সকাল ৯টায় ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হওয়ার কথা। এতে সংগঠনের শীর্ষ নেতারা ছাড়াও বরেণ্য আলেমরা বক্তব্য দেবেন।
শনিবার সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে দেখা যায় ঢাকা ও আশপাশের এলাকা থেকে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা বাসে ও পায়ে হেঁটে সমাবেশে আসছেন। সকাল থেকেই কোনো মিছিল আসতে শুরু করে শাহবাগের দিক থেকে, কোনোটি দোয়েল চত্ত্বরের দিক থেকে, আবার কোনোটি আসে নীলক্ষেতের দিক থেকে। দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে হেফাজতের নেতা-কর্মীরা সমাবেশে যোগ দিচ্ছেন।
চার দফা দাবির মধ্যে রয়েছে:
১. নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল,
২. সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল,
৩. আওয়ামী সরকারের সময়ে করা সব মামলা প্রত্যাহার ও শাপলা চত্বরসহ সব গণহত্যার বিচার,
৪. ফিলিস্তিন ও ভারতে মুসলিম নিপীড়ন বন্ধের আন্তর্জাতিক পদক্ষেপ।
সমাবেশের প্রস্তুতি সম্পর্কে হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক বলেন, “সারা দেশ থেকে অন্তত পাঁচ হাজার বাসযোগে লোক আসবে। প্রস্তুতি সম্পন্ন হয়েছে।” সংগঠনের অন্য নেতাদের ভাষ্য অনুযায়ী, শুধু চট্টগ্রাম থেকেই আসবে অর্ধলক্ষাধিক কর্মী। বরিশাল থেকে কয়েক হাজার লোক লঞ্চযোগে ঢাকায় আসবে বলে জানা গেছে।
গতকাল বায়তুল মোকাররমে এক বিক্ষোভ সমাবেশে হেফাজতের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব বলেন, “দাবি মানা না হলে ঢাকা অচল হয়ে যাবে।” তিনি ফজরের নামাজের পর মিছিল নিয়ে সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানান।








