গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করতে রাজধানীতে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি পালন করা হচ্ছে। দেশের বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন হাজারো মানুষ। এরই মধ্যে লোকে লোকারণ্য সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের সব এলাকা।
স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সোহরাওয়ার্দী উদ্যানে এসে মিলিত হচ্ছেন। মিছিলে অংশ নেয়া অধিকাংশের হাতে হাতে রয়েছে বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা। সবার লক্ষ্য সোহরাওয়ার্দী উদ্যান, সেখানেই গাজার নিরস্ত্র জনগণের প্রতি সংহতি প্রকাশ, বিশ্বজনমত গঠন এবং মানবিক মূল্যবোধের পক্ষে সোচ্চার হওয়া।
মূল অনুষ্ঠান বিকেলে হলেও সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানের প্রতিটি গেটেই মানুষের ঢল নেমেছে। বিকেল ৩টা থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে এই ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। এই মঞ্চে দেখা যাবে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, এবি পার্টিসহ বিভিন্ন দল, সংগঠন এবং ইসলামি বক্তাসহ বিভিন্ন পেশার গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের।
রাজধানীর শনির আখড়া থেকে আসা মো. ফারুক জানিয়েছেন, আমরা যাচ্ছি ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। আমরা হয়ত কোনো জোরালো পদক্ষেপ নিতে পারবো না। আমাদের সামর্থ্য এতটুকুই। শুধু গাজাবাসীর জন্য যাচ্ছি।
এই কর্মসূচির লক্ষ্য গাজার নিরস্ত্র জনগণের প্রতি সংহতি প্রকাশ, বিশ্বজনমত গঠন, এবং মানবিক মূল্যবোধের পক্ষে সোচ্চার হওয়া।








