ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে চলমান ইসরাইলি গণহত্যার প্রতিবাদে আজ শনিবার (১২ এপ্রিল) আয়োজন করা হয়েছে ‘মার্চ ফর গাজা’। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে এই কর্মসূচি আয়োজন করেছে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’।
নিরীহ ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়াতে বিশ্ববাসীকে সোচ্চার করার উদ্দেশেই এমন কার্যক্রম বলে জানান আয়োজকরা।
দুপুর ২টার দিকে নগরীর বিভিন্ন পয়েন্ট থেকে শুরু হয়ে প্রতিবাদ র্যালি আসবে সোহরাওয়ার্দী উদ্যানে। র্যালি পরবর্তী সভায় একই মঞ্চে দেখা যাবে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, এবি পার্টিসহ বিভিন্ন দল, সংগঠন এবং ইসলামি বক্তাসহ বিভিন্ন পেশার গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের।
এরইমধ্যে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। গত মঙ্গলবার থেকেই স্টেজ নির্মাণ, ওয়াচ টাওয়ার স্থাপন এবং জেনারেটর বসানোর কাজ শুরু হয়েছে। প্রতিবাদের আওয়াজ সবার কানে পৌঁছাতে উদ্যানজুড়ে লাগানো হয়েছে ২০০টি মাইক।
সভাস্থলে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা-ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজনীয় সংখ্যক পুলিশের পাশাপাশি পৃথক ট্রাফিক পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা প্রধান (ডিবি) রেজাউল করিম মল্লিক বাংলানিউজকে বলেন, বিভিন্ন সংগঠনের আয়োজনে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিকে ঘিরে গোয়েন্দারা সজাগ রয়েছেন। পাশাপাশি কর্মসূচির নিরাপত্তার জন্য অলরেডি আমাদের সাইবার টিম কাজ শুরু করেছে। এছাড়া ডিবির ৪২টি টিম কাজ করছে।
আয়োজকদের আশা, ঢাকার এই গণজমায়েত গাজার নিপীড়িত জনগণের পাশে দাঁড়ানোর এক শক্তিশালী বার্তা হিসেবে বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হবে।








