নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানোসহ বিভিন্ন দাবিতে আজ বুধবার জেলায় জেলায় সমাবেশ কর্মসূচি শুরু করতে যাচ্ছে বিএনপি। ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত ৬৪ জেলায় সমাবেশ করবে দলটি। প্রথম দিন খুলনা, লালমনিরহাটসহ ছয় জেলায় সমাবেশ করবে বিএনপি।
এ ছাড়া বিএনপি তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে দুই দিনের লাগাতার কর্মসূচির ঘোষণা দিয়েছে। ১৭ ও ১৮ ফেব্রুয়ারি এ কর্মসূচি পালন করবে দলটি।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সোমবার সংবাদ সম্মেলন করে জেলায় জেলায় সমাবেশ কর্মসূচির ঘোষণা দেন।
বিএনপি সূত্র জানায়, আজ খুলনা, লালমনিরহাট, সিরাজগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সুনামগঞ্জ ও পটুয়াখালী জেলায় সমাবেশ করবে দলটি। খুলনার সমাবেশে স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ, লালমনিরহাটে গয়েশ্বর চন্দ্র রায়, সিরাজগঞ্জে নজরুল ইসলাম খান, ব্রাহ্মণবাড়িয়ায় ভাইস চেয়ারম্যান বরকতউল্লা, সুনামগঞ্জে চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আরিফুল হক চৌধুরী ও পটুয়াখালীতে সৈয়দ মোয়াজ্জেম হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।








