যুক্তরাজ্যে মানি লন্ডারিংয়ের মাধ্যমে টিউলিপ সিদ্দিক যে অবৈধ তহবিল তৈরি করেছেন তা উদ্ধারে কাজ শুরু করেছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন-দুদক। ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, এরইমধ্যে তদন্ত ১২টি দেশে বিস্তৃত করেছে সংস্থাটি। এতে সহায়তার আশ্বাস দিয়েছে যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন এবং আরও কয়েকটি দেশ। ভিন্ন আরেক প্রতিবেদনে টেলিগ্রাফ জানিয়েছে বাংলাদেশে অন্তত পাঁচটি সম্পত্তির সাথে টিউলিপের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।
যুক্তরাজ্যের এমপি টিউলিপ অল্প সময়ের জন্য সিটি মন্ত্রীর দায়িত্বে ছিলেন। দুর্নীতির বিরুদ্ধে লড়াই ছিল তার দায়িত্বের অন্তর্ভুক্ত। দুর্নীতির অভিযোগে গেল মাসে পদ হারিয়েছেন শেখ হাসিনা ভাগ্নি টিউলিপ সিদ্দিক। তবে এখনো বাংলাদেশে তার খালার স্বৈরাচারী শাসনের সাথে যোগসূত্র ও অবৈধ সম্পদ বিষয়ক প্রশ্নের মুখে পড়ছেন তিনি। যুক্তরাজ্য ও বাংলাদেশে তার বিরুদ্ধে চলছে তদন্ত।
মানি লন্ডারিংয়ের মাধ্যমে অর্জিত যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিকের অবৈধ অর্থ জব্দ করবে বাংলাদেশ। এরই মধ্যে এ নিয়ে কাজ করছে দুর্নীতি দমন কমিশন। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ। স্থানীয় সময় রোববার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, টিউলিপের বিরুদ্ধে অর্থপাচারের তদন্ত ১২টি দেশে বিস্তৃত করেছে দুদক। তবে, কোন কোন দেশের কাছে তথ্য চাওয়া হয়েছে, তা এখনও জানায়নি সংস্থাটি। তদন্ত কাজে যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য দেশ থেকে সহায়তার আশ্বাস পেয়েছে দুদক।








