দেশের জনপ্রশাসন সংস্কার কমিশন সরকারি কর্মচারীদের জন্য স্থায়ী বেতন কমিশন গঠনের সুপারিশ করেছে, যা প্রতি বছর ৫% হারে বেতন বৃদ্ধির প্রস্তাব দিয়েছে।
আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী। পরে, প্রধান উপদেষ্টার প্রেস উইং প্রতিবেদনটি প্রকাশ করে।
এছাড়া, সরকারি কর্মচারীরা ১৫ বছর চাকরি করার পর স্বেচ্ছায় অবসর নিলে পেনশনসহ সব ধরনের অবসর সুবিধা দেওয়ার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি, বাধ্যতামূলক অবসর বা ওএসডিতে (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) পাঠানোর বিধান বাতিলের প্রস্তাবও দিয়েছে কমিশন।
প্রতিবেদনে বলা হয়েছে, অর্থ মন্ত্রণালয় থেকে দেশের মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বাংলাদেশ ব্যাংকের প্রদত্ত ইনডেক্স বিশ্লেষণ করে মূল বেতন প্রতি বছর বেতন বাড়ানো যেতে পারে। তবে তা ৫ শতাংশের বেশি হবে না। এ উদ্দেশে একটি স্থায়ী বেতন কমিশন গঠন করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন।
সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ–প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।








