এক বছর পর মঞ্চে ফিরছেন কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। শুক্রবার (৩১ জানুয়ারি) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে গান গাইছিলেন এ শিল্পী। অনুষ্ঠানটির নাম ‘আমাদের সাবিনা ইয়াসমিন: আমি আছি থাকবো’। এইচএসবিসি বাংলাদেশের এই আয়োজনে পরদিন শনিবারও একই মঞ্চে গাইবার কথা ছিল এই বরেণ্য শিল্পীর।
হঠাৎ গান গাইতে গাইতে মঞ্চেই লুটিয়ে পড়লেন কিংবদন্তী কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। পরে দ্রুত তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি জানিয়েছেন দেশের জনপ্রিয় গীতিকার রবিউল ইসলাম জীবন।
তিনি লিখেছেন, গান গাইতে গাইতে মঞ্চে পড়ে গেলেন সাবিনা ইয়াসমিন। নেওয়া হলো হাসপাতালে।
এদিকে, সাবিনা ইয়াসমিনের অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন সংগীত শিল্পী দিঠি আনোয়ার।
তিনি জানান, সাবিনা ইয়াসমিন হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তবে শঙ্কামুক্ত।








