বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর শীর্ষ কর্মকর্তাদের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক আয়োজন করা হচ্ছে।
বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মহম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকি ১৬ থেকে ১৯ ফেব্রুয়ারি ভারত সফরে যাচ্ছেন। সফরে তিনি বিএসএফ প্রধান দলজিৎ সিং চৌধুরীর সঙ্গে বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে আলোচনা করবেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আসন্ন বৈঠকে বিএসএফ ও বিজিবি প্রধানরা সীমান্ত সম্পর্কিত একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন। এর মধ্যে অন্যতম বিষয় হলো সীমান্তে সিঙ্গেল রো ফেন্স (এসআরএফ) বাস্তবায়ন।
ভারত সীমান্তের কাঁটাতারের বেড়াবিহীন এলাকাগুলোতে যত দ্রুত সম্ভব এসআরএফ নির্মাণ সম্পন্ন করতে আগ্রহী।
তবে সীমান্তের ১৫০ গজের মধ্যে উভয় পক্ষ কোনো প্রতিরক্ষা কাঠামো নির্মাণ করবে না মর্মে বেড়া নির্মাণে আপত্তি জানিয়েছে বিজিবি।
বৈঠকে মাদক ও আন্তঃসীমান্ত চোরাচালান মোকাবিলাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশের সঙ্গে ভারতের ৪০৯৬ কিলোমিটার সীমান্ত রয়েছে।
সীমান্ত আইন অনুযায়ী সীমান্তের ১৫০ গজের ভেতরে কাঁটাতারের বেড়া নির্মাণ করা যায় না। তবুও আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে বেশ কিছু সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করছে ভারত। বিজিবির বাধার মুখে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়।








