অস্কারজয়ী সংগীত শিল্পী-সুরকার এ আর রহমান ডিভোর্স ঘোষণা করার কয়েক ঘণ্টা পরেই তার সহশিল্পী গিটার বাদক মোহিনী দেও বিবাহবিচ্ছেদের ঘোষণা করেন। কাকতলীয় ভাবে যিনি আবার একসময় এ আর রহমানের টিমে তাঁর সঙ্গে কাজ করতেন। এর পরই নেটিজেনরা এই দুই ঘটনাকে একসঙ্গে টেনে রটিয়ে দেয়, রহমান ও মোহিনীর পরকীয়া কাণ্ড! নেটদুনিয়ায় রহমানের চরিত্র নিয়ে শুরু হয় জোর চর্চা।
অবশেষে রহমানের সঙ্গে প্রেম জল্পনা নিয়ে মুখ খুললেন বাঙালি গিটারিস্ট মোহিনী দে। এক ভিডিয়ো বার্তায় মোহিনী দে বলেন, ‘আমার জীবনে পিতৃসহ অনেকেই রয়েছেন। তাঁদের মধ্য এ আর রহমান একজন। ৮ বছরের বেশি সময় ওঁর সঙ্গে কাজ করেছি। ওঁকে অকারণ কলঙ্কিত করছেন। রহমান স্যার আমার বাবার থেকেও বড়।’
মোহিনী তার পোস্টে লিখেছেন, ‘হৃদয়ে খুবই বেদনা নিয়ে এটা জানাচ্ছি, যে মার্ক এবং আমি বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। এই বিচ্ছেদ একেবারেই দুজনের সিদ্ধান্ত। দুজনে আলাদা হলেও, আমরা খুব ভালো বন্ধু থাকব এবং ম্যাকের সঙ্গে কাজেও যুক্ত থাকব। আমরা দুজনেই মিলে অনেকগুলো প্রোজেক্টে কাজ করছি। সেটা সফলভাবেই শেষ হবে। আমাদের এই সিদ্ধান্তকে সম্মান জানান আপনারা, এটাই সবার কাছে চাইবো।’
এই গুঞ্জন নিয়ে রহমান কোনও মন্তব্য না করলেও, তার আইনজীবী এ বিষয়ে কথা বলেছেন। আর এবার সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে স্পষ্টই জানালেন, রহমান তার কাছে বাবার মতো।
অন্যদিকে, বিচ্ছেদ হলেও রহমানের নামের সঙ্গে লোকে কলঙ্ক জুড়ে দেওয়ার পর রবিবার রাতে মুখ খোলেন সায়রা বানু। তিনি মুম্বই থেকে এক অডিয়ো বার্তায় বলেন, ‘উনি একজন আশ্চর্যজনক মানুষ। আমি অনুরোধ করব দয়া করে ওকে ওঁর মতো থাকতে দিন। এই বিচ্ছেদের সঙ্গে অন্য কোনওকিছুই কোনো সম্পর্ক নেই। ওঁর কোনও দোষই নেই। আমি ওকে আমার জীবন দিয়ে বিশ্বাস করি। আমি ওকে কতটা ভালোবাসি, সেটাই বড় কথা। তাই আমি আপনাদের বিনীত অনুরোধ করছি যে ওঁর বিরুদ্ধে অযথা মিথ্যা অভিযোগ আনা বন্ধ করুন এবং ঈশ্বর আপনাদের মঙ্গল করবেন। আমার আন্তরিক প্রার্থনা এই যে আমাদের একটু একা ছেড়ে দিন।’ এর আগে রহমানের সন্তানরাও এধরনের গুঞ্জন নিয়ে মুখ খুলে বাবার পাশে দাঁড়িয়েছিলেন।








