আধ্যাত্মিক সাধক ফকির লালন সাঁইয়ের তিনদিনব্যাপী স্মরণোৎসবের আজ শেষ দিন। কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় ফকির লালন সাইয়ের আঁখড়া বাড়িতে ১৩৪তম তিরোধান দিবস উপলক্ষে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া স্মরণোৎসব গত দু’দিন লালন ভক্ত, অনুসারী বাউল, ফকিরদের গান, সাধুসঙ্গ, ভাব আলোচনাসহ নানা কর্মকান্ডে মুখরিত ছিল আখড়াবাড়ি প্রাঙ্গণ। শনিবার (১৯শে অক্টোবর) ভাঙবে সেই মিলনমেলা।
এর আগে গতকাল লালন মতে দীক্ষিতদের খেলাফত (শিষ্যত্ব) প্রদান করেন তাদের নিজ নিজ গুরুরা। এসব লৌকিক রীতির মধ্য দিয়ে শেষ হয় লালন শাহের তিরোধান দিবসে বাউল ও ভক্তদের মূল অনুষ্ঠান সাধুসঙ্গ। তার আগে গত বৃহস্পতিবার চিরাচরিত গুরুবাদী ধর্মের নিয়মে সূর্য ডোবার পরপরই অধিবাসের মাধ্যমে শুরু হয় বাউল ফকিরদের অষ্টপ্রহরের গুরুকার্য।
সাধুসঙ্গ গতকাল সাঙ্গ হলেও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় লালন একাডেমির আয়োজনে তিন দিনব্যাপী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হবে আজ মধ্যরাতে। তবে স্মরণোৎসবকে কেন্দ্র করে শুরু হওয়া গ্রামীণ মেলা চলবে আরও কয়েকদিন।
গতকাল সরেজমিন দেখা যায়, পুরো আখড়াবাড়িতে যেন তিল ধারণের ঠাঁই নেই। ধর্ম-বর্ণ নির্বিশেষে সাধু, বাউল, লালনভক্ত আর অনুসারীদের গান, আলোচনা আর ভাব বিনিময়ে আখড়াবাড়ি প্রাঙ্গণজুড়ে যেন বিরাজ করছে অন্যরকম এক পরিবেশ। দুপুর ২টার দিকে লালন একাডেমির প্রবেশপথ, লালন শাহর মাজার প্রাঙ্গণ, আখড়াবাড়ি, মেলার মাঠ হয়ে ওঠে লোকে লোকারণ্য। আখড়াবাড়ির ভেতরে হাজার হাজার বাউল ও লালন অনুসারী সাদা কাপড় পরা। অন্য পোশাকেও আছেন অনেকে।








