বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, স্বৈরাচারী আওয়ামীলীগ যদি আবার কখনো ক্ষমতায় আসে তবে বাংলাদেশ কশাইখানায় পরিনত হবে। তারা ক্ষমতায় থাকতে দেশের ১১ কোটি মানুষের ভোটার তথ্য বিক্রির পাশাপাশি ঋণ করা ১৮ হাজার কোটি টাকার মধ্যে সাড়ে ১৬ হাজার কোটি টাকাই বিদেশে পাচার করেছে।
তিনি আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে নরসিংদীর রায়পুরা উপজেলায় ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত নিহত সমন্বয়ক ও ছাত্রদল কর্মী জুনায়েদ আল-হাবিবের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
রিজভী বলেন, আনুপাতিক হারে যে নির্বাচন ব্যবস্থার কথা অর্ন্তবর্তীকালীন সরকার বলছে তা কখনেই বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে না। বিশ্বের অন্যান্য দেশে থাকতে পারে এটি আমাদের দেশের জন্য প্রযোজ্য নয়। এই ব্যবস্থায় কেবল একটি মহলের বিশেষ সুবিধা তৈরী হবে।
এসময় বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন, জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী, কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ও আমারা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলসহ স্থানীয় বিএনপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে রুহুল কবির রিজভী নিহত সমন্বয়ক জুনায়েদ আল-হাবীবের বাসায় গিয়ে তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।








