টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার (৪ অক্টোবর) রাত ১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী লিঙ্ক রোডে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহত চারজনের মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার ঘাগড়া গ্রামের বাহার উদ্দিনের ছেলে মিজানুর রহমান ও জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার মহিষ বায়ান গ্রামের মৃত আ. ওয়াজেদের ছেলে জিয়াউল।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নান্নু খান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী ক্রাউন ডিলাক্সের একটি বাস টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের শোলাকুড়া নামক স্থানে আসলে বিপরীতমুখী একটি মালবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় বাসটি খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই বাসের চার যাত্রী নিহত হন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
ওসি জানান, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে এ ঘটনায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা থেকে সল্লা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছিল। সকালে যান চলাচল স্বাভাবিক হয়েছে।








