সম্প্রতি দেশের দুটি সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশির মৃত্যুর প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ সমাবেশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ব্যানারে মিছিল বের করেন তারা। পরে প্যারিস রোডে ঘন্টা ব্যাপি মানববন্ধন করেন।
এসময় মানববন্ধনে শিক্ষার্থীরা ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক হত্যার নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সঙ্গে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লালারচক সীমান্তে স্বর্ণা দাস ও ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গি সীমান্তে বাংলাদেশি নাগরিক জয়ন্তী কুমার হত্যার সুষ্ঠু বিচার দাবি করা হয়। এসময় বাংলাদেশ নিয়ে ভারতের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বানও জানান শিক্ষার্থীরা।








