বৃক্ষরোপন কার্যক্রমকে কর রেয়াত তালিকায় যুক্ত করার দাবি জানিয়েছে সামাজিক সংগঠন গোল্ডেন বাংলাদেশ। সোমবার (৯ই সেপ্টেম্বর) দিনাজপুর সরকারি কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপন কর্মসূচি শেষে সংগঠনের পক্ষ থেকে এ দাবি জানানো হয়। এসময় কলেজ প্রাঙ্গণে প্রায় নানা প্রজাতির ৩০০ গাছ রোপন করা হয়।
সামাজিক সংগঠন গোল্ডেন বাংলাদেশ দেশের উত্তরবঙ্গের বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে গাছ লাগানোর ব্যাপক কার্যক্রম শুরু করেছে। সংগঠনটি শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও গ্রাম-গঞ্জের রাস্তাঘাট এবং গ্রামে এই কার্যক্রম ছড়িয়ে দেয়ার পরিকল্পনায় হাতে নিয়েছে।
গোল্ডেন বাংলাদেশের উত্তরবঙ্গের প্রতিটি জেলায় ভলেন্টিয়ার রয়েছে, তাদের মাধ্যমে গাছ লাগানো এবং পরিচর্যার কাজ করছে। গোল্ডেন বাংলাদেশের নির্বাহী পরিচালক জানান, ২০৩০ সালের মধ্যে উত্তরবঙ্গের প্রতিটি জেলায় ভলেন্টিয়ারদের মাধ্যমে শিশু-কিশোর, বিভিন্ন সামাজিক সংগঠন, মসজিদ, মন্দির, গীর্জা, ব্যবসায় প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীসহ জনপ্রতিনিধিদের যুক্ত করে গাছ লাগাবেন। যাতে করে কোন জায়গা ফাঁকা না থাকে।
বৃক্ষরোপন কর্মসূচিতে জুলাই-আগস্টের ছাত্র জনতার আন্দোলনে নিহত মাসুম রেজা অন্তরের বাবা, রবিউল ইসলাম রাহুলের বাবা, রুদ্র্র রায়ের বাবা এবং জিয়াউর রহমানের ভাই উপস্থিত ছিলেন।
এছাড়া দিনাজপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আইয়ুব আলী, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক জিহাদ সরকার, হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান গৌতম কুমার, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর নুর মোহাম্মদসহ বেশ কয়েকজন শিক্ষক এবং গোল্ডেন বাংলাদেশের প্রায় ৫০ স্বেচ্ছাসেবী এ কার্যক্রমে অংশ নেন।








