বিভিন্ন পত্রপত্রিকায় বিএনপির ভাবমূর্তি নষ্ট হওয়ার মতো খবর আসছে জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি মহল দলটির ইমেজ নষ্ট করতে কাজ করছে। এসবের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। তবে কেউ বিএনপির নাম ভাঙিয়ের চাঁদাবাজি, দখলদারি করলে ধরে পুলিশে দেবেন।
শনিবার দুপুরে কুমিল্লার লালমাই উপজেলার ছোট শরীফপুর এলাকায় বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণে এসে সংক্ষিপ্ত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
এসময় ছাত্র-জনতার বিজয়কে নস্যাৎ করতে একটি মহল কাজ করছে মন্তব্য করে ফখরুল বলেন, নতুন সরকারের বয়স মাত্র ২০-২২ দিন। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে তাদের সঙ্গে কথা হয়েছে।
মির্জা ফখরুল বলেন, আমরা যদি ভালো একটা নির্বাচন করতে পারি, যদি জনগণের মনোনীত সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়া যায়, তবেই জনগণের আস্থা ফিরবে। তাই এব্যাপারে আমরা সরকারকে বলেছি।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি মো. মনিরুল হক চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম ভুঁইয়া, বিএনপির কেন্দ্রীয় শিল্পবিষয়ক সম্পাদক আবুল কালাম, কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক ও কুমিল্লা জেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি হাজী আমিন-উর রশিদ ইয়াছিন।








