‘দিবস উদযাপনের ২০ বছর : ধন্যবাদ হে রক্তদাতা’ এ প্রতিপাদ্যকে ধারণ করে ‘বিশ্ব রক্তদাতা দিবস’ উদযাপন উপলক্ষ্যে শেরপুরের ঐতিহ্যবাহী নকলা প্রেস ক্লাবের উদ্যোগে ও আয়োজনে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ জুন) সন্ধ্যায় প্রেস ক্লাবের অফিস কক্ষে প্রেস ক্লাবের সভাপতি ও রক্ত সৈনিক বাংলাদেশ নকলা শাখার উপদেষ্টা মো. মোশারফ হোসাইন’র সভাপতিত্বে অনুষ্ঠিত সচেতনতামূলক সভায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, প্রেস ক্লাবের ও রক্ত সৈনিক বাংলাদেশ নকলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. নূর হোসেন, প্রেস ক্লাবের সাহিত্য বিষয়ক সম্পাদক ও ব্লাড ব্যাংক অব নকলার সদস্য মাজহারুল ইসলাম লালন, প্রেস ক্লাবের সদস্য ও রক্ত সৈনিক বাংলাদেশ নকলা শাখার সদস্য রেজাউল হাসান সাফিত, রক্ত সৈনিক বাংলাদেশ নকলা শাখার সদস্য মাহাবুর রহমান, তরুণ সাংবাদিক ও রক্ত সৈনিক বাংলাদেশ নকলা শাখার সদস্য হাসান মিয়া ও লিমন আহম্মেদ প্রমুখ।
এ সময় প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক, রক্ত সৈনিক বাংলাদেশ নকলা শাখার সাবেক সভাপতি ও ব্লাড ব্যাংক অব নকলার সদস্য ফজলে রাব্বী রাজন, প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক ও রক্ত সৈনিক বাংলাদেশ নকলা শাখার সদস্য মো. সেলিম রেজাসহ প্রেস ক্লাবের, ব্লাড ব্যাংক অব নকলার ও রক্ত সৈনিক বাংলাদেশ এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে এ দিবস ও ব্লাড ব্যাংক অব নকলার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রেস ক্লাবের সদস্য ও ব্লাড ব্যাংক অব নকলার প্রতিষ্ঠাতা সমন্বয়ক ও বর্তমান কার্যনির্বাহী পরিষদের প্রচার সম্পাদক রাইসুল ইসলাম রিফাত স্বেচ্ছায় রক্তদান করেছেন এবং এই দানটি ‘বিশ্ব রক্তদাতা দিবস’কে উৎসর্গ করেন।
বক্তারা জানান, ১৪ জুন ‘বিশ্ব রক্তদাতা দিবস’। ১৯৯৫ সাল থেকে আন্তর্জাতিক রক্তদান দিবস পালিত হয়ে আসছে। ২০০৫ সাল থেকে প্রতি বছর বিশ্বস্বাস্থ্য সংস্থা এ দিবস পালনের উদ্যোগ নেয়। মূলত নিরাপদ রক্ত নিশ্চিতকরণ ও স্বেচ্ছায় রক্তদাতাদের উৎসাহ প্রদানের লক্ষেই বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে।
রক্তদানকে উৎসাহিত করা এবং রক্তদাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের লক্ষ্যে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বা সংস্থার উদ্যোগে প্রতি বছর রক্তদাতা দিবস উদযাপিত হয়। স্বেচ্ছায় রক্তদাতাদের উদ্বুদ্ধ করতে সারা বিশ্বের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়।








