নানা আয়োজন ও ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে লক্ষ্মীপুর জেলা স্টুডেন্টস এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৯ম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন, ২০২৪।
গত বুধবার ৮ মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনে এই ভোট কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন লক্ষ্মীপুর জেলা স্টুডেন্টস্ এসোসিয়েশন এর উপদেষ্টা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মনির উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এনায়েত উল্যাহ পাটোয়ারী, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক নাসরিন আক্তার, ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক নওরীন মনির প্রমা। এছাড়া নির্বাচন পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক এমাদ উদ্দিন, সাবেক সিনিয়র সহ-সভাপতি ইশতিয়াক হোসেন শামীম, সদ্য সাবেক সভাপতি সাহেদ ও সিনিয়র সহ-সভাপতি ইস্রাফিল তর্কবাগীশ।
এই ৯ম কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-২০১৯ সেশনের শিক্ষার্থী এস.এ. রহমান , সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন লোকপ্রশাসন বিভাগের ২০১৯-২০২০ সেশনের শিক্ষার্থী আল আমিন হোসাইন তূষার।
নব নির্বাচিত সভাপতি এস. এ. রহমানের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, “ স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা যেমন কঠিন, দায়িত্বে আসার চেয়ে দায়িত্ব যথাযথভাবে পালন করাও তেমন কঠিন। সংগঠনের কল্যাণে আমি আমার সবটুকু দিয়ে সংগঠনকে একটি রোল মডেলে রূপদান করব ; এ আমার অঙ্গীকার। ”
নবনির্বাচিত সাধারণ সম্পাদক আল আমিন হোসাইন তূর্ষার বলেন, “ নির্বাচনের আগে আমি যেসকল প্রতিশ্রুতি দিয়েছিলাম সেগুলো পূরণ করাই আমার প্রধান লক্ষ্য। নিজের দায়িত্ববোধের জায়গা থেকে আমি শতভাগ করবো আমাদের এসোসিয়েশনকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে। শিক্ষার্থীবান্ধব এসোসিয়েশন হিসেবে লক্ষ্মীপুর জেলা স্টুডেন্টস এসোসিয়েশনকে গড়ে তুলবো ইনশাআল্লাহ। ”
উল্লেখ্য, চবি লক্ষ্মীপুর জেলা স্টুডেন্টস্ এসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সর্ববৃহৎ জেলা ভিত্তিক ছাত্রসংগঠন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সহায়তা ও কল্যাণমুখী কাজের জন্য সংগঠনটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সুপরিচিত।








