জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এবার ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান করা হচ্ছে। বৃহস্পতিবার বিকেল ৪টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা তুলে দেবেন।
এবার স্বাধীনতা, গণতন্ত্র ও নারীশিক্ষাসহ দেশগঠনে সামগ্রিক অবদানের জন্য প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। পাশাপাশি মুক্তিযুদ্ধ, বিজ্ঞান ও প্রযুক্তি, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, সমাজসেবা, জনপ্রশাসন, গবেষণা ও পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য আরও ১৪ জন বিশিষ্ট ব্যক্তিকে এ সম্মাননায় ভূষিত করা হচ্ছে।
প্রতিষ্ঠান পর্যায়ে এবার সম্মাননা পাচ্ছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), এসওএস চিলড্রেনস ভিলেজ ইন বাংলাদেশ এবং গণস্বাস্থ্য কেন্দ্র। দেশের উন্নয়ন, চিকিৎসা, সমাজসেবা ও মুক্তিযুদ্ধের ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবেই তাদের এই পুরস্কার দেওয়া হচ্ছে।
স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননাগুলোর একটি। ১৯৭৭ সাল থেকে স্বাধীনতা দিবসের প্রাক্কালে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে সরকার নিয়মিত এই পুরস্কার দিয়ে আসছে। পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা, ১৮ ক্যারেট মানের ৫০ গ্রামের স্বর্ণপদক, একটি রেপ্লিকা এবং সম্মাননাপত্র প্রদান করা হয়।








