যশোরে কলকাতা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের ঢাকাগামী একটি বাসে হামলা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৬ এপ্রিল) রাত ৯ টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের বাঘারপাড়া ধলগায় এ হামলার ঘটনা ঘটে। এতে কয়েকজন যাত্রী আহত হন। আহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। ডি এন চ্যাটার্জি নামে ওই যাত্রী কলকাতার অ্যাসোসিয়েট বিল্ডার্স কর্পোরেশন লিমিটেডের (এবিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, শ্যামলী পরিবহনের ঢাকা-কলকাতা রুটের একটি বাস কলকাতা থেকে ঢাকায় ফিরছিল। পথের মধ্যে যশোর-নড়াইল মহাসড়কের ধলগায় দুর্বৃত্তরা ইট মেরে গাড়ির গ্লাস ভেঙে ফেলে। এ সময় গাড়ির ভাঙা কাঁচের আঘাতে কয়েকজন যাত্রী আহত হন।
যশোরের বাঘারপাড়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদাত হোসেন বলেন, দুর্বৃত্তরা একটি ইট বা পাথর মেরে শ্যামলী পরিবহনের একটি কাচ ভেঙে দিয়েছে। ঘটনার পরে পরিবহনটি সেখানে থামেনি। ফলে বিস্তারিত জানা যায়নি। থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখানে থাকা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও আশেপাশের লোকজনের সঙ্গে কথা বলে ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চালানো হচ্ছে। তবে মানসিক ভারসাম্যহীনরা এমন ঘটনা ঘটাতে পারে।
এদিকে শ্যামলী পরিবহনের ওয়েবসাইটে দেয়া প্রধান অফিসের তিনটি মোবাইল নম্বরে কয়েক দফা কল করা হলে কেউ ফোনটি রিসিভ করেননি। হামলার বিষয়ে কথা বলতে রাজি হননি শ্যামলী পরিবহনের যশোর ও নড়াইল কাউন্টারের লোকজন।








