লিওনেল মেসির বিশ্বকাপ যাত্রা শুরু হয়েছিল ২০০৬ সালে জার্মানিতে অনুষ্ঠিত আসর দিয়ে। সার্বিয়া ও মন্টেনেগ্রোর বিপক্ষে সেই ম্যাচে বদলি হিসেবে নেমে গোল ও অ্যাসিস্ট করে আলোচনায় আসেন আর্জেন্টাইন এই তারকা। তখন তিনি খেলতেন ১৯ নম্বর জার্সি গায়ে, আর আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সি ছিল হুয়ান রোমান রিকুয়েলমের দখলে।
২০০৯ সালে প্রথমবারের মতো জাতীয় দলের ১০ নম্বর জার্সি পান মেসি। ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হয় তার নতুন অধ্যায়। এরপর ২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে টানা এই জার্সিতেই মাঠে নেমেছেন তিনি।
২০২২ সালের কাতার বিশ্বকাপে ১০ নম্বর জার্সি গায়ে আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন করেন মেসি। এবার আসন্ন বিশ্বকাপেও তার কাঁধে থাকবে একই দায়িত্ব, যেখানে লক্ষ্য থাকবে শিরোপা ধরে রাখা।
বিশ্বকাপ ইতিহাসে নিজের ষষ্ঠ আসরে পঞ্চমবারের মতো ১০ নম্বর জার্সি গায়ে মাঠে নামতে যাচ্ছেন মেসি, যা আর্জেন্টিনার ইতিহাসে নতুন রেকর্ড হিসেবে দেখা হচ্ছে। এর আগে এই রেকর্ড ছিল ডিয়েগো ম্যারাডোনার, যিনি চারটি বিশ্বকাপে ১০ নম্বর জার্সি পরে খেলেছিলেন।








