এবতেদায়ী মাদরাসার শিক্ষকদের দুই মাসের অনুদান (সরকারি অনুদানের অংশ) ছাড় দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। ইতোমধ্যে চেক সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে হস্তান্তর করা হয়েছে। এর ফলে শিক্ষকরা তাদের টাকা আগামী ৮ মের পর তুলতে পারবেন।
বুধবার (৬ মে) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসার শিক্ষকদের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের আর্থিক অনুদানের সরকারি অংশের টাকা ছাড় হয়েছে। শিক্ষকরা শিগগিরই তাদের অনুদানের টাকা হাতে পাবেন।
মোট দুই মাসের অনুদানের জন্য চারটি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
এতে করে শিক্ষকরা ৭ এপ্রিলের পর সংশ্লিষ্ট ব্যাংক থেকে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের অনুদানের সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।








